ট্রাকের চাপায় নানি-নাতি নিহত
সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে ট্রাক চাপায় নানি ও নাতি নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী প্রায় পৌনে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে মহাসড়কের সলঙ্গা থানার ঘুড়কা বেলতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নানি-নাতি হলেন সলঙ্গার ঘুড়কা পূর্ব পাড়া এলাকার সোহরাব আলীর স্ত্রী চায়না বেগম (৪৫) এবং নাতি সাব্বির হোসেন (৫)। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ইমদাদুল হক জানান, বেলা ১১টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় চায়না বেগম ও তাঁর নাতি সাব্বিরকে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও ঘাতক চালক পলাতক। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হবে।