ট্রাকের চাপায় স্কুলছাত্রসহ দুজন নিহত
পাবনা সদর উপজেলায় গতকাল মঙ্গলবার ট্রাকের চাপায় আল আমিন (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এদিকে গত সোমবার রাজশাহীর বাগমারা উপজেলায় হাফিজুর রহমান (১৩) নামের এক স্কুলছাত্র একইভাবে নিহত হয়।
পাবনা সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ছয়টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আল আমিন ও তাঁর ছোট ভাই আবদুর রব বাইসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মালিগাছা এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁদের পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আল আমিন মারা যান। গুরুতর আহতাবস্থায় আবদুর রবকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, ট্রাকটিকে আটকের চেষ্টা করা হচ্ছে।
এদিকে বাগমারা থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে ভবানীগঞ্জ-হাটগাঙ্গোপাড়া সড়কে উপজেলার বাইগাছা এলাকায় আলুবোঝাই একটি ট্রাক স্কুলছাত্র হাফিজুর রহমানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে ভাঙচুর চালায়। একপর্যায়ে পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। হাফিজুর সুজনপালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। সে সুজনপালশা গ্রামের আসাদ আলীর ছেলে।