ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাকের চাপায় কলেজছাত্রসহ ব্যাটারিচালিত একটি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। গতকাল শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া মাগুরায় বাসের চাপায় এক ব্যক্তি ও চুয়াডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে যাত্রী নিয়ে ওই অটোরিকশাটি ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গার চুমুর্দি থেকে উপজেলা সদরে যাচ্ছিল। সকাল পৌনে নয়টার দিকে সদরদী এলাকায় পৌঁছালে তরমুজবোঝাই একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত ও তিনজন আহত হয়।নিহত ব্যক্তিরা হলেন: উপজেলার চুমুর্দি ইউনিয়নের দেওরামাঠ গ্রামের মাইক্রোবাসচালক বেলায়েত মাতুব্বর (২৫), একই ইউনিয়নের বাবলাতলা গ্রামের আরিফ মোল্লা (২২), ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের দেলো ফকির (৫০) ও চানপট্টি গ্রামের ভাঙ্গা কে এম কলেজের ছাত্র সাখাওয়াৎ সিকদার (১৮)। আহত ব্যক্তিরা হলেন: অটোরিকশাচালক চুমুর্দি ইউনিয়নের আড়ুয়ামাঠ গ্রামের হান্নান শেখ (৩৫), চুমুর্দি গ্রামের আসমত ফকির (৫৪) ও ভাঙ্গা পৌর এলাকার কৈডুবি সদরদী মহল্লার রুনা আক্তার (১৩)। তাঁদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফরিদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা করা হয়েছে। মাগুরা: সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম বলেন, গতকাল সকালে আবদুল হক (৬৫) পারনান্দুয়ারি গ্রামের বাড়ি থেকে হেঁটে মাগুরা শহরে যাচ্ছিলেন। সকাল পৌনে নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে পারনান্দুয়ারি বাস টার্মিনালের কাছে পৌঁছালে যাত্রীবাহী একটি বাস তাঁকে পেছন থেকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।চুয়াডাঙ্গা: প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের হানিফ আলী ও তাঁর ছেলে স্কুলছাত্র শাকিব হাসান হেঁটে গ্রামের একটি মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যান (লাটা হাম্পার) শাকিব হাসানকে চাপা দেয়। ঘটনাস্থলেই শাকিব মারা যায়।