ট্রাকের চাপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে গতকাল শনিবার রাতে ট্রাকের চাপায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত ও অপর এক ছাত্র আহত হয়েছেন। নিহত মশিউর রহমান (২৫) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র ও বিশ্ববিদ্যালয়সংলগ্ন আবদালপুর ইউনিয়নের দেড়িপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। দুর্ঘটনায় আহত বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র কবিরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ মশিউরের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সোয়া আটটার দিকে মশিউর ও তাঁর বন্ধু কবির মোটরসাইকেল নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হন। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এলে দ্রুতগামী একটি ট্রাক দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পর মশিউরকে কর্তব্যরত চিকিৎসক চৌধুরী সরোয়ার জাহান মৃত ঘোষণা করেন। কবিরকে শেখপাড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুল আরফিন মশিউরের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।