ট্রাকের চাপায় তিন জেলায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় ট্রাকের চাপায় রবীন্দ্রনাথ গাইন (৬২) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে গৌরনদী-আগৈলঝাড়া সড়কে উপজেলার বরবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দিন সাতক্ষীরার তালা উপজেলায় রাকিবুল ইসলাম (২) নামের এক শিশু ও রোববার রাতে ফরিদপুর শহরে বাবু খাঁ (৩৫) নামের এক ব্যক্তি ট্রাকের চাপায় নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:গৌরনদী (বরিশাল): গতকাল দুপুরে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্য অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ গাইন (৬২) গৌরনদী থেকে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মো. সোহেল মিয়ার মোটরসাইকেলে করে আগৈলঝাড়ার নিজ বাড়িতে ফিরছিলেন। বেলা পৌনে দুইটার দিকে গৌরনদীর বরবাড়ি বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক একটি মোটরসাইকেলটিকেচাপা দেয়। ঘটনাস্থলেই রবীন্দ্রনাথ গাইন মারা যান। গুরুতর আহত সোহেলকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ট্রাকটি আটক ও এর চালক মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরা: সকাল সাড়ে আটটার দিকে তালা উপজেলার ভৈরবনগর গ্রামের রাকিবুল ইসলামকে (২) নিয়ে তাঁর বোন ছাবিনা খাতুন (৮) এবং ছেলে পলাশকে (২) নিয়ে তাঁর মা ছাবিকুন্নাহার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর মোড়ে একটি দোকানে খাবার কিনতে আসেন। এ সময় খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাকিবুল মারা যায়। আহত ছাবিনা খাতুন ও পলাশকে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং ছাবিকুন্নাহারকে পাটকেলঘাটার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান বলেন, ট্রাকচালক জামাল শেখ (৪৫) ও তাঁর সহকারী লুৎফর রহমানকে আটক করা হয়েছে। ফরিদপুর: রোববার রাত আটটার দিকে জেলা শহরের মুজিব সড়কে টেপাখোলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক বাবু খাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাবু খাঁর বাড়ি শহরের ভাটিলক্ষ্মীপুর এলাকায়। থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।