ট্রাকের চাপায় দম্পতি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরে ট্রাকের চাপায় খুলনা ওয়াসার পাম্প অপারেটর গোলাম মহিউদ্দিন খান (৩৭) ও তাঁর স্ত্রী ডেসপাচ ক্লার্ক লাভলী ইয়াসমিন (৩৫) নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে যশোর-খুলনা মহাসড়কে নগরের নূরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নগরের খালিশপুর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, সকালে নগরের মুজগুন্নি এলাকার বাড়ি থেকে ওই দম্পতি মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। নূরনগর এলাকার ফায়ার সার্ভিস কার্যালয়ের কাছে পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এ সময় মহিউদ্দিন ও তাঁর স্ত্রী সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক ও ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতালে ছুটে যান। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যান। ওসি সুকুমার বিশ্বাস আরও বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মহিউদ্দিনের সহকর্মীরা বলেন, মহিউদ্দিন খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের (সিবিএ) প্রচার সম্পাদক। তাঁদের দুটি মেয়ে রয়েছে। বড় মেয়ে পঞ্চম ও ছোট মেয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে। একসঙ্গে বাবা-মাকে হারিয়ে তারা নির্বাক হয়ে গেছে। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন সবাই।