ট্রাকের চাপায় দুই ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরে গতকাল সোমবার ট্রাকের চাপায় বৈদ্যনাথ সাহা (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এদিকে গত রোববার সন্ধ্যায় কুষ্টিয়া শহরে ট্রাকের চাপায় আবদুল ওয়াহেদ বিশ্বাস (৬৫) নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।ফরিদপুর কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে আলীমুজ্জামান বেইলি সেতুর পশ্চিম পাশে শহরের শরীয়তুল্লাহ কাঁচাবাজার এলাকায় হেঁটে যাওয়ার সময় একটি ট্রাক বৈদ্যনাথকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বৈদ্যনাথের বাড়ি শহরতলির রঘুনন্দনপুর এলাকায়। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কুষ্টিয়া মডেল থানা সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ছয়টার দিকে মুক্তিযোদ্ধা ওয়াহেদ বিশ্বাস তাঁর ছেলের পুলিশের চাকরি-সংক্রান্ত কাজে কুষ্টিয়া পুলিশ লাইনে যাচ্ছিলেন। শহরের আলফা মোড় এলাকায় রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় একটি ট্রাক তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি সদর উপজেলার খয়েরপুর গ্রামে। গতকাল দুপুরে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) বদিউর রহমান বলেন, পুলিশ ট্রাকের চালক আলমগীর হোসেনকে (৩২) আটক করেছে। মামলার প্রক্রিয়া চলছে।