ট্রাকের চাপায় দুই শিশু ও স্কুলছাত্রী নিহত
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কের গাড়াদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে অগ্নিসংযোগ করেন। একই দিন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় ট্রাকের চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়।
সিঙ্গাইরে নিহত শিশুরা হলো উপজেলার চারিগ্রাম গ্রামের তাজুল ইসলামের ছেলে আলভী হোসেন (৬) এবং তাঁর নাতনি গাড়াদিয়া মধ্যপাড়া গ্রামের হানিফ আলীর মেয়ে তৃষা আক্তার (৭)। আর কালিয়াকৈরে নিহত স্কুলছাত্রীর নাম নাজনিন আক্তার মায়া (১৩)। সে উপজেলার উত্তর হিজলতলী গ্রামের মেছের আলীর মেয়ে। সে চাপাইর বিবি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার তাজুল ইসলাম স্ত্রী রঙমালা ও ছেলে আলভীকে নিয়ে গাড়াদিয়া মধ্যপাড়া গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যান। গতকাল দুপুরে মোটরসাইকেলে করে তাজুল তাঁর স্ত্রী, ছেলে ও নাতনিকে নিয়ে চারিগ্রামের বাড়িতে ফিরছিলেন। গাড়াদিয়া বাসস্ট্যান্ড এলাকায় মানিকগঞ্জগামী একটি খোয়াবোঝাই ট্রাকের বাম্পারের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে দুই শিশুসহ তাজুল ও তাঁর স্ত্রী রাস্তার পাশে ছিটকে পড়েন। একপর্যায়ে ট্রাকটি পেছানোর (ব্যাক) চেষ্টা করলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু তৃষা ও আলভী নিহত হয়।
কালিয়াকৈরের হিজলতলী এলাকায় বেলা সাড়ে তিনটার দিকে নাজনিন আক্তার স্কুল থেকে বাড়ি ফিরছিল। বালুখোলা নামক জায়গায় একটি ট্রাক পেছন থেকে এসে তাকে চাপা দিলে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।