ট্রাকের চাপায় দুজন মোটরসাইকেল আরোহীসহ নিহত ৩
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ী রেলক্রসিং এলাকায় গতকাল বৃহস্পতিবার ট্রাকের চাপায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় গত বুধবার একজন নিহত হন।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বগুড়া থেকে একটি মোটরসাইকেলে চড়ে টাঙ্গাইলের আশরাফ আলী (৪০) ও নওগাঁর মাহবুব উদ্দীন (২৪) টাঙ্গাইল যাচ্ছিলেন। গতকাল সকাল নয়টায় সংযোগ সড়কের মুলিবাড়ী রেলক্রসিং এলাকায় আসার পর সামনের একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল উল্টে যায়। এতে তাঁরা রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা অন্য একটি ট্রাক চাপা দিলে তাঁরা নিহত হন। পরে পুলিশ এসে তাঁদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজার এলাকায় বুধকার ঢাকা-বগুড়া মহাসড়ক পারাপারের সময় একটি ট্রাকের ধাক্কায় সোলায়মান সরকার নামের একজন কৃষক আহত হন। তাঁর বাড়ি খানপুর দহপাড়া গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর ওই দিন সন্ধ্যায় তিনি মারা যান।