ট্রাকের চাপায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়কের পাশে থাকা দুই ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়েছে একটি ট্রাক। আজ বুধবার সকাল আটটার দিকে উপজেলার চামটা বাসস্ট্যান্ডে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আটকাপাড়া গ্রামের সিরাজউদ্দিন (৭৫) ও কুতুবপুর গ্রামের তোফাজ্জল হোসেন (৭০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চামটা বাসস্ট্যান্ড এলাকায় ওই দুজন সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কিশোরগঞ্জগামী মালবাহী একটি ট্রাক হঠাৎ সড়কের পাশে চলে এসে তাঁদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। এ ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন ওই মহাসড়ক অবরোধ করে রাখে। সকাল সাড়ে ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। নান্দাইল থানা ও নান্দাইল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শী রায়হান মিয়া বলেন, ট্রাকটি দূর থেকেই টালমাটালভাবে চলতে দেখেন তিনি। পরে চামটা বাসস্ট্যান্ডে ওই দুজনকে চাপা দিয়ে ট্রাকটি চলে যায়।