ট্রাকের চাপায় পথচারী নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চলের প্রতাপেরচর এলাকায় গতকাল বৃহস্পতিবার মেঘনা গ্রুপের একটি মালবাহী ট্রাকের চাপায় আবদুল হাই (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
আবদুল হাই পেশায় একজন দর্জি ছিলেন। দীর্ঘ দিন ধরে তিনি স্থানীয় প্রতাপেরচর গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের সদর উপজেলার মটবী গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মেঘনা শিল্পনগর এলাকায় অবস্থিত প্রতাপেরচর এলাকায় সকালে সড়ক পারাপারের সময় আবদুল হাইকে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি মালবাহী ট্রাক চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী উত্তেজিত হয়ে মেঘনা প্রতাপেরচর সড়ক সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় ওই কারখানার কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
মেঘনা গ্রুপের মহাব্যবস্থাপক (টেকনিক্যাল) কার্তিক চন্দ্র দাস জানান, আবদুল হাইয়ের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।