ট্রাকচাপায় প্রাণ গেল মা-ছেলের
নওগাঁর মান্দা উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার মান্দা উপজেলার সাতবাড়িয়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নওগাঁর বদলগাছী উপজেলার নিরলী গ্রামের রামায়ণ চন্দ্র রায়ের স্ত্রী অসীমা রায় (২৪) ও তাঁর নয় মাস বয়সী ছেলে বিজয় রায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, অসীমা রায় ডিগ্রি পরীক্ষার্থী ছিলেন। আজ সকাল নয়টার দিকে তিনি তাঁর শিশুসন্তানকে নিয়ে স্বামী রামায়ণ চন্দ্রের মোটরসাইকেলে করে পরীক্ষাকেন্দ্র মান্দা কলেজে যাচ্ছিলেন। অসীমা রায় তাঁর সন্তানকে কোলে নিয়ে এবং ছাতা ধরে মোটরসাইকেলের পেছনের আসনে বসে ছিলেন। যাওয়ার পথে সাতবাড়িয়া এলাকায় বাতাসের তোড়ে ছাতা ও ছেলেকে সামলাতে গিয়ে তিনি সন্তানসহ মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় বিপরীত থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। রামায়ণ অক্ষত আছেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।