ট্রাকের চাপায় প্রাণ হারালেন সেই ইউপি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় সংখ্যালঘু এক যুবকের পুরুষাঙ্গে ইট ঝুলিয়ে নির্যাতনের ঘটনার প্রধান আসামি মুছাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন গত রোববার রাতে ট্রাকের চাপায় নিহত হয়েছেন।নির্যাতনের ওই ঘটনায় আগামী ৩ আগস্ট চেয়ারম্যান আনোয়ারসহ নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কিন্তু হাইকোর্টে হাজির হওয়ার আগেই প্রাণ হারালেন আনোয়ার। আজ মঙ্গলবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে তাঁর শপথ নেওয়ার কথা ছিল।পুলিশ জানায়, চেয়ারম্যান আনোয়ার ও তাঁর সহযোগী সেলিম রোববার রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলা থেকে মোটরসাইকেলে করে বন্দরে ফিরছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকায় একটি ট্রাক পেছন দিক থেকে তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে চেয়ারম্যান আনোয়ার মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে পেছন থেকে আসা অপর একটি ট্রাক তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন।নারায়ণগঞ্জের বন্দর থানার মহাত্মা গান্ধী মন্দিরের পূজারি রমেশ চক্রবর্তীর ছেলে বাবু চক্রবর্তীর সঙ্গে একই এলাকার ব্রজেন্দ্র দাসের মেয়ের প্রেমের সম্পর্ক হয়। তিন মাস আগে তাঁরা বিয়ে করেন। কিন্তু ব্রজেন্দ্র দাস বিয়ে মেনে না নিয়ে চেয়ারম্যান আনোয়ারের কাছে বিচার দেন। ১৬ জুলাই আনোয়ার হোসেন সালিস বসিয়ে বাবুকে বেধড়ক পেটান এবং তাঁর পুরুষাঙ্গে ইট বেঁধে দুই কিলোমিটার হাঁটতে বাধ্য করেন বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন আদালতে রিট করে।