ট্রাকের চাপায় ফায়ার সার্ভিসের কর্মীসহ নিহত ২
বাগেরহাটের মোরেলগঞ্জে পণ্যবাহী ট্রাকের চাপায় ফায়ার সার্ভিসের এক কর্মীসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে মোরেলগঞ্জ-শরণখোলা সড়কে মোরেলগঞ্জ উপজেলার চেয়ারম্যান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ফায়ার সার্ভিসের কর্মী জমাদ্দার শওকত আলী (৫২) ও দেলোয়ার হোসেন (৪০)। জমাদ্দার শরণখোলা ফায়ার স্টেশনে হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি খুলনার রূপসা উপজেলার মহিষাগুনি গ্রামে। আর দেলোয়ার হোসেনের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার খাদা গ্রামে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম খান জানান, খুলনা থেকে শরণখোলাগামী পণ্যবাহী ট্রাক মোরেলগঞ্জ-শরণখোলা সড়কের চেয়ারম্যান বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা জমাদ্দার ট্রাকের নিচে চাপা পড়েন। পরে তাঁর ও দেলোয়ারের মরদেহ উদ্ধার করা হয়। ট্রাকের নিচে আরও লাশ রয়েছে কি না, তা তল্লাশি করে দেখা হচ্ছে।
শরণখোলা ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা এস এম শাহদাত হোসেন জানান, ৭ আগস্ট ছুটি নিয়ে দমকল স্টেশনের হাবিলদার জমাদ্দার শওকত আলী বাড়িতে বেড়াতে যান। ছুটি কাটিয়ে বাড়ি থেকে আজ সকালে কর্মস্থলে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। পথে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। ২০১২ সাল থেকে তিনি শরণখোলায় কর্মরত ছিলেন। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।