ট্রাকের চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গত শনিবার ট্রাকচাপায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। ওই ছাত্রের নাম মানিক হোসেন (২২)। তিনি বীরগঞ্জ পৌরসভার শালবাগান হঠাৎপাড়ার মো. আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার রাতে বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি থেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র মানিক মোটরসাইকেলে উপজেলা শহরে আসছিলেন। রাত নয়টার দিকে বীরগঞ্জ-দেবীগঞ্জ সড়কের চৌধুরীহাট কাশীপুর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক পেছন দিক থেকে তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মানিকের বাবা বীরগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের নেতা মো. আলম জানান, ময়নাতদন্ত শেষে মানিকের লাশ গতকাল হঠাৎপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।