ট্রাকের চাপায় রিকশাচালক নিহত ট্রাক ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় গতকাল শনিবার দুপুরে ট্রাকের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। ওই ঘটনায় এলাকাবাসী ট্রাকটি আটক করে ভাঙচুর করেছে।নিহত রিকশাচালক হলেন মো. রায়হান সরকার (৩৫)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার শেখেরহাট এলাকার ইয়াহিয়া সরকারের ছেলে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সফিপুর-বড়ইবাড়ী সড়কের পূর্ব চান্দরা এলাকায় গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রায়হান রিকশা চালিয়ে যাওয়ার পথে ওই এলাকায় পৌঁছালে একটি মাটিভর্তি ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ সময় ট্রাকের চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন উত্তেজিত হয়ে ট্রাকটি ভাঙচুর করে। খবর পেয়ে থানার পুলিশ লাশটি উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি হস্তান্তর করা হয়েছে।