ট্রাকের চাপায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার ৩ নম্বর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। গতকাল রোববার রাত আটটার দিকে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের কলাবাগান মোড়ে এ ঘটনা ঘটে। নিহত শিশু খোকন (৬) পৌর শহরের হঠাৎপাড়া এলাকার চা-বিক্রেতা আ. হাকিমের ছেলে। নিহত খোকনের বাবা আ. হাকিম জানান, তিনি তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে রংপুরের কাউনিয়া থেকে বাসে এসে কলাবাগান মোড়ে নামেন। সেখানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কয়লাবোঝাই ট্রাক খোকনকে চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রাত সাড়ে আটটা থেকে এক ঘণ্টা ঢাকা-দিনাজপুর সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মণ্ডল জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে রাতে ওই এলাকায় দুটি গতিরোধক স্থাপন করা হয়েছে।