ট্রাকের চাপায় শিশু নিহত
আট মাসের শিশুকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন বাবা। এ সময় একটি ট্রাক চাপা দিলে দুজনই আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। গতকাল বুধবার ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, বেলা ১১টার দিকে হাটঘাটা এলাকার বাসিন্দা মো. কলমগীর হোসেন (৩৫) তাঁর শিশু ছেলেকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মধুখালীর কামারখালীগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।