ট্রাকের চাপায় শ্রমিকের প্রাণ গেল
শ্যামপুরে ঢাকা ম্যাচ ফ্যাক্টরির কাছে গতকাল বুধবার দুপুরে ট্রাকের চাপায় শাহীন শেখ (৩৫) নামের এক শ্রমিক প্রাণ হারিয়েছেন। তিনি স্থানীয় একটি টেক্সটাইল কারখানার শ্রমিক ছিলেন।
শ্যামপুর থানার পুলিশ জানায়, গতকাল বেলা একটার দিকে ঢাকা ম্যাচ ফ্যাক্টরির কাছে প্রধান সড়ক দিয়ে শাহীন শেখ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পাশের একটি কারখানায় কাজ করেন শাহীনের ফুপাতো ভাই মাহমুদ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, শোরগোল শুনে রাস্তায় এসে দেখেন শাহীন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। পরে তাঁকে বেলা পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শাহীন সপরিবারে নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকতেন। তাঁর বাবার নাম মো. ইব্রাহীম শেখ।
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।