ট্রাকের চাপায় সাভারে তিন শিক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় ট্রাকের চাপায় একটি মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। এর মধ্যে দুজনই কলেজছাত্র। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী এলাকায় ট্রাকের চাপায় আল মামুন (৪০) নামের এক পথচারী নিহত হন।
দুটি ঘটনার পর দুই ট্রাকচালক ও তাঁদের তিন সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাভারে নিহত ব্যক্তিরা হলেন শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র ফরহাদ হোসেন (২২), ঢাকার মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সমাজকর্ম বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র নুরুল ইসলাম (২৩) ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সুলতান মিয়া (২২)। তাঁদের সবার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়রা গ্রামে।
পুলিশ জানায়, সম্প্রতি ফরহাদ ঢাকায় তাঁর বন্ধু সুলতান মিয়ার বাসায় বেড়াতে আসেন। ফরহাদ, সুলতান ও নুরুল তিন বন্ধু গতকাল মোটরসাইকেলে চড়ে ঢাকার মিরপুর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেড়াতে যাচ্ছিলেন। সেখানে আহসান হাবিব নামের তাঁদের এক বন্ধু পড়াশোনা করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আয়েশা মেমোরিয়াল হাসপাতালের সামনে পৌঁছানোর পর মানিকগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক পেছন দিক থেকে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এ সময় স্থানীয় লোকজন ট্রাকসহ এর চালক শান্ত মণ্ডল (২৯) ও তাঁর ভাই সহকারী মানিক মণ্ডলকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করে। এঁদের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচাঘাট এলাকায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তিনটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ফতুল্লা মডেল থানার এসআই সোহেল আলম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফতুল্লার পঞ্চবটী এলাকায় হাঁটার সময় একটি ট্রাক পথচারী আল মামুনকে (৪০) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে সন্দেহজনকভাবে একটি ট্রাক, ট্রাকের চালক আবুল হোসেন, সহকারী মোস্তফা ও মনিরকে গ্রেপ্তার করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত আল মামুন ফতুল্লার মুসলিমনগর এলাকার মজিবর রহমানের ছেলে।