কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকায় ট্রাকচাপায় সাত শিশু শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার ও তাঁর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত সড়ক অবরোধ করে তারা। মানববন্ধনে এলাকাবাসীর কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, নাথেরপেটুয়া মডেল স্কুলের অধ্যক্ষ আমিনুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান, হারুনুর রশিদ প্রমুখ। মামলার তদন্ত কর্মকর্তা ও ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কালিকাপুর গ্রামের আবদুল গনির ছেলে দুলাল মিয়া ট্রাকটির মালিক এবং একই গ্রামের নুরুল আমিনের ছেলে সোহেল মিয়া ট্রাকটির চালক। দুর্ঘটনার পর থেকে মালিক ও চালক দুজনই পলাতক। তবে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নাথেরপেটুয়া এলাকায় গত ১৬ মার্চ স্কুলভ্যানে করে বাড়ি ফেরার পথে ওই ট্রাকের চাপায় সাত শিশু নিহত ও তিনজন আহত হয়। নিহত শিশুদের সবার বয়স ছয় থেকে ১০ বছরের মধ্যে। তারা সবাই নাথেরপেটুয়া মডেল স্কুলের শিক্ষার্থী।