ট্রাকের ছাদে বাড়ি ফেরা, নিহত ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনায় আহত একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: মইনুল ইসলাম
দুর্ঘটনায় আহত একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: মইনুল ইসলাম

রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাগান এলাকায় ট্রাক উল্টে নিহত হয়েছেন ১৬ জন। তাঁরা গাজীপুর থেকে ঈদ করতে বাড়ি যাচ্ছিলেন। ট্রাকের ছাদে চড়ে যাচ্ছিলেন স্বল্প আয়ের লোকগুলো।

আজ শনিবার ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত আটজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন-লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকার দুই ভাই আলমগীর হোসেন (৩০) ও সাদ্দাম হোসেন (২৫), মুনির হোসেন (২২), মোহসীন আলী (২৮), সুবর্ণা (১২), মজনু মিয়া (২২), দেলোয়ার হোসেন (২৫), কালীগঞ্জ উপজেলার উত্তর বত্রিশ হাজারি এলাকার কোহিনুর ইসলাম (৪২), একই এলাকার শহিদুল ইসলাম (৩৫), একই জেলার হাতিবান্ধা উপজেলার রবিউল ইসলাম (২৮), একই জেলার আদিতমারী উপজেলার আজিজুল ইসলাম (২২), কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাসিদা আক্তার (২৫), ময়মনসিংহের ভালুকার জসিমউদ্দিন (৩৮), ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার আনিসুজ্জামান (৩৮) ও তাঁর স্ত্রী সামসুন্নাহার (২৫)।

দুর্ঘটনায় আহত আটজন হলেন খাদিজা, আফরোজা, রহিমা, জামিলা, ময়না, মমিনুল, খলিল ও দুলাল। তাঁদের সবার বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। তাঁদের মধ্যে খাদিজা আলমগীরের স্ত্রী। তিনি জানান, হতাহত সবার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমের ভাষ্য, সিমেন্টবোঝাই ট্রাকটি গাজীপুর থেকে রংপুরের দিকে যাচ্ছিল। ট্রাকের ছাদে সিমেন্টের বস্তার ওপর বসে ঈদে ঘরে ফিরছিলেন স্বল্প আয়ের লোকগুলো। কলাবাগান এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ছাদে থাকা লোকজন পড়ে গিয়ে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই নিহত হয়েছেন ১১ জন। মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও পাঁচজন নিহত হন।

প্রাথমিকভাবে জানা গেছে, হতাহত ব্যক্তিরা বেশির ভাগই পোশাকশ্রমিক। ট্রাকটির নম্বর রংপুর ট ১১-০৩২৮।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ও পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান নিহতদের নাম-ঠিকানা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন...