ট্রাকের জট, মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কদমতলা ও স্টেশন সড়ক। এই সড়কের দুই পাশে গড়ে উঠেছে ছোট-বড় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও ফলের আড়ত। এখানে প্রতিদিন নির্মাণসামগ্রীসহ বিপুল পরিমাণ পণ্য পাইকারি বেচাকেনা হয়। এ কারণে সড়কটির ওপর সব সময় শতাধিক ট্রাক ও ঠেলাগাড়ি রেখে মালামাল ওঠানামার কাজ করা হয়। ফলে সব সময় সড়কটিতে যানজট লেগেই থাকে।তীব্র যানজটের কারণে যাত্রীরা এ পথ দিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হন। স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন, বাইপাস সড়ক হিসেবে মাত্র তিন কিলোমিটার সড়ক যদি ঠিক করে দেওয়া হয়, তাহলে নগরে ট্রাক প্রবেশের প্রয়োজন হবে না। এতে যানজট দূর হবে।সরেজমিনে দেখা গেছে, স্টেশন সড়কে পণ্যবোঝাই বা খালি ট্রাক প্রবেশ করে কোথাও সারিবদ্ধভাবে আবার কোথাও এলোমেলোভাবে দাঁড়িয়ে রয়েছে। একই সঙ্গে সড়কে অবস্থান করছে শতাধিক ঠেলাগাড়ি। সড়কটি দিয়ে হাঁটাও কষ্টকর। মহানগর ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. ইদ্রিস আলী বলেন, সন্ধ্যার পরে এই সড়কে একটু বেশি ভিড় হয়। বাইপাস সড়কটি নির্মিত হলে এ সমস্যা থাকবে না বলে জানান তিনি। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, স্টেশন রোড ও কদমতলা এলাকায় যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজের জন্য দ্রুত দরপত্র আহ্বান করা হবে।