ট্রাকের জটে পথচারী ও ট্রেনযাত্রীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের রেলস্টেশন থেকে কদমতলা পর্যন্ত দুই কিলোমিটার সড়ক দীর্ঘদিন মেরামত না হওয়ায় ট্রাকজটের সৃষ্টি হচ্ছে। আর ভোগান্তিতে পড়ছে পথচারীরা। বিশেষ করে ট্রেনযাত্রীরা সমস্যায় পড়ছে বেশি।
ভুক্তভোগী ও ব্যবসায়ীরা জানান, নগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কদমতলা ও স্টেশন সড়ক। সড়কের দুই পাশে গড়ে উঠেছে ছোট-বড় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও ফলের আড়ত। এ জন্য সড়কটির ওপর সব সময় শতাধিক ট্রাক অবস্থান করে মালামাল ওঠানো-নামানোর কাজ চলে। এতে দিন-রাত ট্রাক ও ঠেলাগাড়ির জট লেগেই থাকে। এই অবস্থায় রিকসা-ভ্যানসহ অন্যান্য যান চলাচল কঠিন হয়ে পড়েছে। যানজটের কারণে ট্রেনের যাত্রীরা এ পথ দিয়ে চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছে। অথচ স্টেশন রোডের পশ্চিম মাথায় কদমতলা হয়ে রেলস্টেশনের উত্তর পাশে ভৈরব নদেন পার দিয়ে খুলনা-যশোর মহাসড়ক পর্যন্ত দুই কিলোমিটার একটি কাঁচা সড়ক রয়েছে। এটি পাকা করে দিলে কদমতলা ও স্টেশন সড়কে যানজটের সৃষ্টি হবে না। ট্রাকগুলোরও নগরে ঢোকার প্রয়োজন পড়বে না। কিন্তু খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ছয় বছরেও ওই সড়কে কাজ করেনি।
সরেজমিনে দেখা গেছে, সড়কের ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সাত নম্বর কাস্টম ঘাট এলাকায় সড়ক ভেঙে ভৈরবে চলে যাচ্ছে।
অন্যদিকে পাওয়ার হাউস মোড় হয়ে স্টেশন সড়কে পণ্যবোঝাই বা খালি ট্রাক ঢুকে কোথাও সারিবদ্ধভাবে আবার কোথাও এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে। একই সঙ্গে রয়েছে শতাধিক ঠেলাগাড়ি। হাঁটাও কষ্টকর। সড়কের দুই পাশে প্রায় চার ফুট চওড়া ফুটপাতে ব্যবসায়ীদের মালামাল পরিমাপের যন্ত্র, চা-পান-বিড়ির দোকান, হোটেলের চুলা বসিয়ে বেচাকেনা চলছে।
ব্যবসায়ী মনির হোসেন বলেন, ‘বাইপাস সড়ক হিসেবে মাত্র দুই কিলোমিটার সড়ক ঠিক করে দেওয়া হলে নগরে ট্রাক ঢোকার প্রয়োজন হয় না। সড়কটি ব্যবহার করে দিনে-রাতে ২৪ ঘণ্টা ট্রাকগুলো পণ্য নিয়ে আসা-যাওয়া করতে পারবে। কোনো জট তৈরি হবে না।’
ট্রেনের যাত্রী আবদুল হালিম বলেন, ‘এই রাস্তাটির দিকে তাকালে মনে হয়, এটি কোনো ট্রাক টার্মিনাল। এটি ট্রেনযাত্রীদের জন্য একমাত্র সড়ক। এই জটের কারণে আমি কয়েকবার ট্রেন মিস করেছি। কিন্তু প্রশাসনের এদিকে কোনো নজর নেই।’
কেসিসির মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘স্টেশন রোড থেকে কদমতলায় যানজট নিরসনের একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে। ওই প্রকল্পের আওতায় সড়কটি মেরামতের জন্য দ্রুত দরপত্র আহ্বান করা হবে। সড়কটির কাজ শেষ হলে সমস্যার সমাধান হয়ে যাবে।