ট্রেন ছাড়বে সকাল সাড়ে সাতটায়। সাতসকালেই বাসা থেকে বের হন মালেকা বেগম। রিকশায় করে চট্টগ্রাম রেলস্টেশনে যাচ্ছিলেন তিনি। যাবেন ময়মনসিংহে। তাঁর কোলে ছিল দুই বছর বয়সী ছেলে। পাশে কিশোর ভাগনে। স্টেশন থেকে এক কিলোমিটার দূরে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয় রিকশাটিকে। মুহূর্তেই মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় শিশুটি। ট্রাকের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ছয়টায় চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। ভাগনে ও রিকশাচালক রক্ষা পেলেও রিকশা থেকে পড়ে মাথায় আঘাত পান মালেকা বেগম। কিন্তু এর চেয়েও বড় বেশি আঘাত তাঁর মনে। চোখের সামনে সন্তান হারানোর শোকে নির্বাক হয়ে পড়েছেন এই মা।
চট্টগ্রামের শান্তিনগর এলাকার আইয়ুব সওদাগর কলোনিতে থাকেন মালেকা। তাঁর স্বামী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী বিল্লাল হোসেন। ৮ ফুট বাই ১০ ফুট আয়তনের তাঁদের ছোট ঘরে আলো বলতে ছিল ওই শিশুটিই। স্বামী-স্ত্রী দুজনের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার কচুরি গ্রামে।
পাঁচ বছর আগে এই দম্পতির বিয়ে হয়। কাজের সন্ধানে তিন বছর আগে তাঁরা চট্টগ্রামে ছুটে আসেন। দুই হাজার টাকায় এক কক্ষের একটি ছোট ঘর ভাড়া নেন তাঁরা। আগে দিনমজুরি করে সংসার চালাতেন বিল্লাল। দুই বছর আগে করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগে চাকরি নেন তিনি। এর মধ্যে মালেকার কোলজুড়ে আসে মোজাম্মেল। স্ত্রী ও সন্তানকে নিয়ে কোনো রকম চলছিল সংসার। কিন্তু শুক্রবার সকালের দুর্ঘটনায় সব ওলটপালট হয়ে গেছে।
গতকাল বিকেলে বিল্লাল হোসেনের বাসায় গিয়ে দেখা যায়, ছোট কক্ষটিতে একটি খাট। এর পাশে টেবিলে পড়ে আছে একটি কাপড়ের ব্যাগ। তার মধ্যে ছিল মোজাম্মেল ও মালেকার কাপড়চোপড়। এই ব্যাগ দেখিয়ে কান্নায় ভেঙে পড়েন বিল্লাল। তিনি প্রথম আলোকে বলেন, ঈদের সময় প্রচণ্ড ভিড় থাকে। তাই স্ত্রী-ছেলেকে তখন গ্রামের বাড়িতে যেতে দেননি তিনি। এখন ভিড় কমায় মা-ছেলে বাড়িতে যাচ্ছিল। কিন্তু তার আগেই ট্রাক তাঁর ছেলেকে কেড়ে নিয়েছে।
মোজাম্মেলের মৃত্যুতে বিমর্ষ হয়ে পড়েছেন প্রতিবেশীরাও। কোনোভাবেই এই মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁরা।
দুর্ঘটনার সময় রিকশায় থাকা বিল্লালের ভাগনে মোহাম্মদ সজীব (১৪) প্রথম আলোকে বলে, সিনেমা প্যালেস মোড় পার হওয়ার সময় একটি ট্রাক তাদের রিকশাটিকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে নিচের রাস্তায় পড়ে যায় মোজাম্মেল।
ট্রাকটি জব্দ করেছে কোতোয়ালি থানার পুলিশ। ট্রাকচালক মোহাম্মদ লোকমানকেও (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। নিহত শিশুর বাবা বিল্লাল হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। গতকাল বিকেলে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।