ট্রাকের ধাক্কায় অটোরিকশার নারী যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকের ধাক্কা দেওয়ায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আজ শুক্রবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত নারীর নাম রিপা আক্তার (২৫)। তাঁর স্বামীর নাম উসমান মিয়া। মাধবপুর উপজেলার আদাউড়া গ্রামে তাঁর বাড়ি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) সার্জেন্ট মো. আবদুর নূর জানান, সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউড়া গ্রাম থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে মাধবপুর সদরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি সাতবর্গ এলাকায় ঢুকতেই দ্রুতগতির একটি ট্রাক সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী রিপা ঘটনাস্থলে নিহত হন। চালকসহ অপর তিন যাত্রী আহত হন।
সার্জেন্ট মো. আবদুর নূরের ভাষ্য, আহত ব্যক্তিদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে রিপার মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটিকে আটক করা যায়নি। এ ঘটনায় পুলিশ ফাঁড়িতে একটি মামলা হয়েছে।