ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত
রাজধানীর তুরাগ থানা এলাকায় ট্রাকের ধাক্কায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একজন কনস্টেবল মারা গেছেন। তাঁর নাম মিজানুর রহমান (২৫)। গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
এ ঘটনায় মিজানুরের সঙ্গে থাকা মাসুদ নামের এপিবিএনের আরও একজন কনস্টেবল আহত হয়েছেন।
তুরাগ থানার উপপরিদর্শক ফেরদৌস আহমেদ জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে মোটরসাইকেল চালিয়ে আশুলিয়া থেকে উত্তরায় যাচ্ছিলেন মিজানুর। মাসুদ তাঁর পেছনে বসা ছিলেন। আশুলিয়া বেড়িবাঁধের দৌড়ের মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাটিভর্তি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মিজানুর ও মাসুদকে গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিত্সকেরা মিজানুরকে মৃত ঘোষণা করেন। আহত মাসুদের চিকিত্সা ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চলছে।
ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন।