ট্রাকের ধাক্কায় গাছের ডাল ভেঙে পড়ে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রাকের ধাক্কায় গাছের ডাল ভেঙে পড়ে এক শিশু মারা গেছে। গতকাল শনিবার আক্কেলপুর-তিলকপুর সড়কের দক্ষিণ রামশালা গ্রামের শিমুলতলীতে এ দুর্ঘটনা ঘটেছে।
শিশুটির নাম শাকিব হোসেন (৪)। সে দক্ষিণ রামশালা গ্রামের বাবু হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আক্কেলপুর-তিলকপুর সড়কটি মেরামতের কাজ চলছিল। শাকিব হোসেন শিমুলতলীতে সড়কের পাশে শজনেগাছের নিচে দাঁড়িয়ে সড়কের মেরামতকাজ দেখছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক শিমুলতলী এলাকায় সড়কের পাশে থাকা শজনেগাছে ধাক্কা দেয়। এতে গাছটির ডাল ভেঙে শাকিবের ওপর পড়ে। ঘটনার পরপরই চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুদীপ্ত কুণ্ডু জানান, গাছের ডাল ভেঙে পড়ে শিশুটি গুরুতর আহত হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু অ্যাম্বুলেন্সে ওঠানোর আগে শিশুটি স্বাস্থ্য কমপ্লেক্সেই মারা যায়।