ট্রাকের ধাক্কায় চিকিৎসকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক মারা যাওয়ার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে হাসপাতালের ক্ষুব্ধ শিক্ষানবিশ চিকিৎসক ও শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শনসহ বেশ কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া শটগানের গুলি ও কাঁদানে গ্যাসে শিক্ষার্থী-পথচারীসহ ২০ জন আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকা হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ইসতিয়াক তাহসিনের মৃত্যুর খবর বৃহস্পতিবার রাতে এসে পৌঁছালে মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী ও শিক্ষানবিশ চিকিৎসকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা রাত পৌনে ১১টার দিকে শহরের মেডিকেল মোড় সড়কে চলাচলকারী বেশ কিছু ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ক্ষুব্ধ শিক্ষার্থী ও শিক্ষানবিশ চিকিৎসকেরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় পুলিশ শটগানের পাঁচটি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের ১০টি শেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থী, অটোচালক, পথচারীসহ ২০ জন আহত হন। তাঁদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সহকারী রেজিস্ট্রার ইসতিয়াক শহরের আর কে রোডের সার্জি হোমের সামনে ১৫ সেপ্টেম্বর সাইকেল চালানোর সময় ট্রাকের ধাক্কায় আহত হয়ে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলে সেখানে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় তিনি মারা যান। তাঁর বাড়ি রংপুর শহরে।
হাসপাতালের পরিচালক রেজাউল ইসলাম বলেন, ওই চিকিৎসক শৌখিন সাইকেলচালক ছিলেন। তিনি সুযোগ পেলেই বিভিন্ন সড়কে সাইকেল চালাতেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও শটগানের ফাঁকা গুলি ছোড়া হয়। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।