ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তুরাগ থানা এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান (২৫) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি আশুলিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন। দুপুরে মহাখালীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মো. রুবেল (১৩) নামের এক কিশোর মারা গেছে।
তুরাগ থানার ওসি শেখ ফরিদ বলেন, সকাল সাতটার দিকে মিজানুর আশুলিয়া থেকে মোটরসাইকেলে উত্তরায় এপিবিএন কার্যালয়ে যাচ্ছিলেন। পথে ধউর এলাকায় একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে কিছুদূর ছেঁচড়ে নিয়ে যায়। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
নিহত মিজানুরের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জের পাটুরিয়ায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মহাখালীতে দুপুরে কমলাপুরগামী একটি চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মারা গেছে কিশোর রুবেল। সে পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরে থাকত।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে ট্রেনে চড়ে রুবেল বিমানবন্দর এলাকায় ঘুরতে যায়। বেলা দেড়টার দিকে তারা বিমানবন্দর স্টেশন থেকে কমলাপুরগামী একটি ট্রেনের ছাদে ওঠে। ট্রেনটি মহাখালী এলাকায় এলে একটি গাছের সঙ্গে লেগে রুবেল নিচে পড়ে যায়।