ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় কর্মকর্তার
ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর নাম হারুন-উর-রশীদ (৪৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ শেষে হারুন-উর-রশীদ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ এক আত্মীয়কে দেখতে যান। মোটরসাইকেলে করে সিলেট শহরে ফেরার পথে সিলেট-ঢাকা মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। লোকজন উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, মাথায় গুরুতর আঘাতে তাঁর মৃত্যু হয়েছে।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান বলেন, ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ওই কর্মকর্তা মারা গেছেন। এ ঘটনায় ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।