ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৭ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় বিয়ের অনুষ্ঠান থেকে থেকে ফেরার সময় বালুবাহী ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি ভ্যানের সাত যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে পুঠিয়ার তেবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাকের চালক পালিয়ে গেলেও ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিকে আটক করে আগুন ধরিয়ে দিয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন ভ্যানচালক বিদ্যুৎ চক্রবর্তী (৩০), তার স্ত্রী বৃষ্টি রানি (২০), বিদ্যুতের ভাইয়ের ছেলে দ্বিপ (৭), তাদের পরিবারের সদস্য পূজা (১০), সুমি (২২), সুমির ছেলে রুদ্র (৭) এবং আত্মীয় বিচিত্রা রানি (৫৫)। এদের মধ্যে বিচিত্রা ছাড়া সবার বাড়িই উপজেলার দাসমাড়িয়া গ্রামে। বিচিত্রার বাড়ি উপজেলার নন্দিগ্রামে। এদের মধ্যে দ্বিপ ছাড়া বাকি ছয়জনই ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে দ্বিপ নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলার তাহেরপুর থেকে ব্যাটারি চালিত ভ্যানটি দক্ষিণ দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে বালুবাহী ট্রাকটি আসছিল। তেবাড়িয়া গ্রামে এসে ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যানের ছয়যাত্রী মারা যায়।
পুঠিয়া উপজেলার পচামাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, ভানচালক বিদ্যুৎ পরিবারের সদস্য ও আত্মীয়দের নিয়ে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। তিনি বলেন, ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়। সন্ধ্যা পৌনে সাতটার দিকে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করার জন্য মরদেহগুলো পুঠিয়া থানায় নিয়ে যায়।
এদিকে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুজ্জামান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ সৎকারের জন্য ১০ হাজার টাকা প্রদান করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, ট্রাকের চালক পালিয়ে গেছে। এখন ট্রাকের বিরুদ্ধেই মামলা করা হবে।