ট্রাকের ধাক্কায় বাস উল্টে দুই নারী কনস্টেবল নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুনী খাতুন,  আকলিমা বেগম
মামুনী খাতুন, আকলিমা বেগম

রাজধানীর ফকিরাপুল মোড়ে গতকাল রোববার ভোরে ট্রাকের ধাক্কায় বাস উল্টে দুজন নারী পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৭ নারী পুলিশ।
পুলিশ জানায়, অবরোধের দায়িত্ব পালনের জন্য ভোরে ২৯ জন নারী পুলিশ সদস্যকে নিয়ে রিকুইজিশন করা একটি বাস রাজারবাগ পুলিশ লাইন থেকে বের হয়। পৌনে ছয়টার দিকে বাসটি ফকিরাপুল মোড়ে এলে মতিঝিল থেকে কাকরাইলমুখী একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে ঘটনাস্থলেই কনস্টেবল আকলিমা বেগম (২২) নিহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর কনস্টেবল মামুনী খাতুন (২২) মারা যান। আহত পুলিশ সদস্যদের মধ্যে নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন: সালমা, লিলি, ইয়াসমিন, সোহাগী, সীমা, আলফা, লিজা, শাহনাজ ও ফরিদা। আহত অন্য পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে গেছেন এর চালক ও সহকারী। পরে পুলিশ অজ্ঞাতনামা চালককে আসামি করে মতিঝিল থানায় একটি মামলা করে। নিহত আকলিমা ও মামুনীর পুলিশ নিয়ন্ত্রণকক্ষে কর্তব্য পালন করার কথা ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ফরিদা বেগম বলেন, ফকিরাপুল মোড়ে একটি মালবাহী ট্রাক তাঁদের বাসের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে তাঁদের বাসটি উল্টে যায়। নিহত আকলিমা ও মামুনী বাসের পেছনের দিকে বসেছিলেন।
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান। দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে নিহত দুজনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পরে মামুনীর লাশ তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে ও আকলিমার লাশ তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে পাঠানো হয়।
দুই নারী পুলিশ সদস্যের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।