ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘোড়াঘাটে আজ সোমবার সকালে ট্রাকের ধাক্কায় আবু বক্কর সিদ্দিক (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানের তিনজন যাত্রী।
আবু বক্কর সিদ্দিকের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার শালমার গ্রামে। বাবার নাম আবদুল খালেক। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের আবুল হোসেন, আহম্মদ আলী এবং তাঁর স্ত্রী ফিরোজা বেগম। তাঁদের প্রথমে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, গতকাল রোববার রাতে আবু বক্কর সিদ্দিকের রিকশাভ্যানে করে তিনজন ঘোড়াঘাটের সিংড়া গ্রামের পীরের মাজার থেকে ওরস মাহফিল শুনতে আসেন। মাহফিল শেষে সকালে আবু বক্করের ভ্যানে করে তাঁরা বাড়ি ফেরার পথে বগুড়াগামী একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আবু বক্কর মারা যান। গুরুতর আহত হন তিনজন।
ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নূর নেওয়াজ জানান, অবস্থার অবনতি হওয়ায় আহত ব্যক্তিদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।