ট্রাকের ধাক্কায় মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে গত মঙ্গলবার রাতে ট্রাকের ধাক্কায় পুলিশের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ সময় তিনি পণ্যবাহী ট্রাক পার করে দিচ্ছিলেন।
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার (উপপরিদর্শক) এসআই মো. আলমগীর হোসেন বলেন, তৈরি পোশাকভর্তি প্রায় ৩৫টি কাভার্ড ভ্যান জোরারগঞ্জ থানা এলাকা পার করে দিচ্ছিলেন এসআই মো. আবুল হাশেম (৪৯)। পুলিশ প্রহরায় পার করানোর জন্য তিনি সোনাপাহাড় এলাকায় গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড় করাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত আবুল হাশেমকে রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।