ট্রাকের ধাক্কায় শতবর্ষী বৃদ্ধ ও নাতনি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন রিকশারোহী দাদা ও নাতিন। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কসির খান ও তাঁর নাতনি তাহমিনা রহমান (৩৪)। কসির খানের বয়স ১০০ বছর বলে স্বজনেরা জানান।
ডেমরা থানা-পুলিশ জানায়, অসুস্থ কসির খানকে নিয়ে যাত্রাবাড়ীতে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন তাহমিনা। তাহমিনার জা সুমি আক্তারও (৩০) তাঁদের সঙ্গে ছিলেন। রিকশাটি কোনাপাড়ার বামইন বাসস্ট্যান্ডের কাছে এলে পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। রাস্তায় উল্টে পড়ে তাহমিনা ও কসির আহত হন। হাসপাতালে আনার পর চিকিৎসক তাহমিনাকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পরে মারা যান কসির খান। আর সুমি আক্তার অল্প চোট পেয়েছেন।
ডেমরা থানার ওসি জহিরুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছেন।