ট্রাকের ধাক্কায় অপর ট্রাক ঢুকল দোকানে, নিহত ১

কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই সাদাত জুট মিল এলাকায় একটি ট্রাকের ধাক্কায় আরেকটি ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের চা-দোকানে ঢুকে পড়ে। এতে ওই ট্রাকের সামনে দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তি নিহত হন। আহত হন দোকানমালিক ও কর্মচারী। আজ শুক্রবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল কাশেম (৩৫)। তাঁর বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দলদরিয়া গ্রামে। তিনি ওই জুট মিলের শ্রমিক। আহত ব্যক্তিরা হলেন দোকানমালিক আবুল কাসেম (৪০) ও দোকানের কর্মচারী জাহিদুর রহমান (১৭)।
পুলিশ জানায়, আজ শুক্রবার সকাল আটটার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়ানো ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি মহাসড়কের পাশের দোকানের ভেতরে ঢুকে যায়। এ সময় দোকানঘরটি দুমড়েমুচড়ে যায়। তখনই থেমে থাকা ট্রাকের সামনে দিয়ে আবুল কাশেম হেঁটে যাওয়ার সময় মারা যান। আহত হন দোকানের মালিক ও কর্মচারী।
ময়নামতি হাইওয়ে থানা ক্রসিং পুলিশের উপপরিদর্শক (এসআই) টিপু রায় বলেন, ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে। লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এক ট্রাক আরেক ট্রাককে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে।