ট্রাকের ধাক্কায় আইসিবি ব্যাংকের বিদেশি পরিচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসিক বৈঠকে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন বেসরকারি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক ও মালয়েশীয় নাগরিক পালানি আপ্পান মুরুগাপ্পা শেঠিয়ার (৬১)। কিন্তু তাঁর আর বৈঠকে যোগ দেওয়া হয়নি। গত রোববার দিবাগত রাতে রাজধানীর বনানীতে একটি ট্রাক তাঁদের গাড়িকে (প্রাইভেট কার) ধাক্কা দিলে তাঁর মৃত্যু হয়।ওই ঘটনায় আহত হয়েছেন অপর মালয়েশীয় নাগরিক ও একই ব্যাংকের পরিচালক আলাগাপ্পান নাচি আপ্পান (৫২) এবং গাড়ির চালক মো. বাবুল (৪০)। আলাগাপ্পানকে অ্যাপোলো এবং বাবুলকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, পালানি আপ্পান ও আলাগাপ্পান আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক। গতকাল সোমবার ব্যাংকের মাসিক বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকে যোগ দিতে তাঁরা রোববার দিবাগত রাত একটার দিকে মালয়েশিয়া থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখান থেকে তাঁরা একটি ভাড়া করা গাড়িতে (প্রাইভেট কার) প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে যাচ্ছিলেন। তাঁদের গাড়ি বনানীর কাকলী উড়ালপথের (ফুটওভার ব্রিজের) সামনে এলে বিপরীত দিক থেকে আসা উত্তরাগামী দ্রুতগতির একটি ট্রাক সড়ক বিভাজক ভেঙে গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে গেলে পালানি আপ্পান, আলাগাপ্পান ও গাড়ির চালক বাবুল গুরুতর আহত হন।খবর পেয়ে ব্যাংকটির কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশ ও উপস্থিত লোকজনের সহযোগিতায় পালানি আপ্পানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত আড়াইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পালানি আপ্পানের মৃত্যু হয়।ওসি শাহ আলম জানান, ঘটনার পর ট্রাকসহ চালক আবদুস সালামকে (৫০) আটক করা হয়। গতকাল সোমবার সকালে আদালতে পাঠানো হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।এদিকে পালানি আপ্পানের লাশ ময়নাতদন্ত শেষে আইসিবি ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ব্যাংকটির প্রশাসনিক প্রধান মেজর সাইদ বাদী হয়ে গুলশান থানায় মামলা করেছেন।গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, ওই সড়কে কোনো মোড় থাকলে বলা যেত যে দ্রুতগতিতে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়ক বিভাজকে উঠে পড়েছে। কিন্তু সড়কে কোনো মোড় নেই। ধারণা করা হচ্ছে, ট্রাকচালক নেশাগ্রস্ত ছিলেন।যোগাযোগ করা হলে আইসিবি ইসলামী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মীর মুর্তজা করিম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পরপর আহত আলাগাপ্পান ফোনে ব্যাংকের এক কর্মকর্তাকে ঘটনাটি জানান। গতকাল ব্যাংকের মাসিক বৈঠক হওয়া কথা ছিল। দুর্ঘটনার কারণে তা বাতিল করা হয়েছে।