ট্রাকের ধাক্কায় আরেক শিশুর মৃত্যু
শিশু হামিম ও সুমির পর এবার বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় আরও এক শিশুর প্রাণ ঝরে গেল। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার অদূরে ফতুল্লায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটির নাম জান্নাতুল ফেরদৌস (১১)। সে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির বেতগা স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ত।জানা গেছে, জান্নাতুলের বাড়ি টঙ্গীবাড়ির বেতগা এলাকায়। বাবা সিরাজুল ইসলাম ও মা বিলকিস বেগমের সঙ্গে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ভাড়া বেবিট্যাক্সিতে করে ঢাকার রায়েরবাজারে এক আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য মুন্সিগঞ্জ থেকে রওনা হয়। ফতুল্লা পেট্রল পাম্পের কাছে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে তাদের বেবিট্যাক্সিকে ধাক্কা দেয়। বেবিট্যাক্সিটি ছিটকে পড়ে উল্টে যায়। এতে জান্নাতুল মাথায় প্রচণ্ড আঘাত পায়। তার বাবা-মা এবং বেবিট্যাক্সির চালকও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান। পথচারীরা জান্নাতুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। সিরাজুল ইসলাম ও তাঁর স্ত্রীকে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। বেবিট্যাক্সিচালক ফতুল্লার স্থানীয় ক্লিনিকে চিকিত্সা নিয়েছেন। কান্নাজড়িত কণ্ঠে বিলকিস বেগম বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল। এখন আমি কী নিয়ে বাঁচব।’ খবর পেয়ে হাসপাতালে আসা স্বজনেরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। বাবা সিরাজুল ইসলাম জনতা ব্যাংকের মুন্সিগঞ্জ শাখার অফিস সহকারী। জান্নাতুল তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার ছোট।গতকাল রাতে যোগাযোগ করা হলে শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) রাশেদুল হাসান বলেন, পুলিশের অনুমতি নিয়ে স্বজনেরা রাতে জান্নাতুলের লাশ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যান। ৩ ফেব্রুয়ারি সকালে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের সড়কে বাসচাপায় ঘটনাস্থলেই মারা যায় স্কুলের কেজি শাখার ছাত্র হামিম শেখ (৬)। এর দুই দিন পর ৫ ফেব্রুয়ারি বিমানবন্দর সড়কে প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে মায়ের হাত ধরে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় মৃত্যু হয় সাত বছরের শিশু সুমি আক্তারের।