ট্রাকের ধাক্কায় আহত কলেজছাত্র নাবিল শঙ্কামুক্ত নয়
ট্রাকের ধাক্কায় নিহত নিলু পাঠানের বাড়িতে চলছে শোক। ওই দুর্ঘটনায় গুরুতর আহত তাঁর বড় ছেলে নাবিল পাঠান (১৬) এখনো শঙ্কামুক্ত নয়।নাবিল রাজউক উত্তরা মডেল কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র। দুর্ঘটনায় বাবা-মাকে হারানোয় তার প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী, কলেজের সহপাঠী ও শিক্ষকেরা।গত বুধবার অসুস্থ বাবা নিলু পাঠানকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন নাবিল ও তার মা ফারজানা পাঠান। পথে একটি ট্রাক তাঁদের অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা, মা ও অ্যাম্বুলেন্সের চালক আনছার নিহত হন। আহত হয় নাবিল।গতকাল বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গী বাজার এলাকার চেয়ারম্যানবাড়ি রোডে নিলু পাঠানের বাড়িতে গিয়ে দেখা যায়, মানুষের ভিড়। দুর্ঘটনায় বাবা-মাকে হারানো সত্ত্বেও শোক নিয়ে সকালে পরীক্ষা দিতে যায় ছোট ছেলে। বাড়িতে নিলু পাঠানের বৃদ্ধ শাশুড়ি থাকলেও তাঁকে দুর্ঘটনায় নিহত হওয়ার খবর জানানো হয়নি। তাই সবার মধ্যে ছিল একধরনের চাপা শোক। নাবিলের মামা মো. নাসিরুল্লাহ খান প্রথম আলোকে বলেন, নাবিলের অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়। তাকে রাজধানীর ধানমন্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ৪৮ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।