ট্রাকের ধাক্কায় এনজিও কর্মকর্তা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলচালক আশরাফুল আলম (৩৫) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটর সাইকেল আরোহী মোহাম্মদ জাহাঙ্গীর। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে নগরের আকবর শাহ থানার কালিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) জাফর ইকবাল প্রথম আলোকে জানান, কালিরহাটের গ্ল্যাক্সো কারখানার সামনে একটি দ্রুতগামী ট্রাক আশরাফুল আলমদের মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়। আহত মোহাম্মদ জাহাঙ্গীরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
নিহত আশরাফুল আলম আইএসবি নামে একটি এনজিওর ফৌজদারহাট শাখার ব্যবস্থাপক ছিলেন। আর মোহাম্মদ জাহাঙ্গীর একই শাখার হিসাবরক্ষক পদে কর্মরত আছেন বলে জানান এসআই জাফর ইকবাল।