ট্রাকের ধাক্কায় এসআই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে নগরের কাশিয়াডাঙা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এসআইয়ের নাম আজাহার আলী (৫৯)। তিনি পুলিশের রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত ছিলেন।

আজাহারের গ্রামের বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলার ভানচিপাড়া গ্রামে। তিনি রাজশাহী নগরের বুলনপুর এলাকায় প্রায় ২০ বছর ধরে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। তাঁর দুই ছেলে রয়েছে তাঁর।

স্ত্রী দিলরুবা ইসলাম বলেন, সকাল আটটার দিকে মাছ ও সবজি কিনতে বাজারের উদ্দেশে বাসা থেকে বের হন আজাহার আলী। বেলা নয়টা বেজে গেলেও ফিরে না আসায় বড় ছেলে ফোন দেয় বাবাকে। অন্য এক ব্যক্তি ফোনটি রিসিভ করেন। ওই ব্যক্তি ফোনটি কার জানতে চাইলে রায়হান জানায়, তার বাবার। তখন ওই ব্যক্তি বলেন, ‘তোমার বাবা সড়ক দুর্ঘটনায় আহত। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।’ দিলরুবা ইসলাম বলেন, এরপর তাঁরা হাসপাতালে গিয়ে দেখেন তাঁর স্বামী মারা গেছেন। সেখানে অন্যদের কাছে জানতে পারেন, মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য নগরের কাশিয়াডাঙ্গা এলাকায় একটি ফিলিং স্টেশনে গিয়েছিলেন আজাহার আলী। সেখানেই একটি ট্রাক তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, নগরের শাহমখদুম থানার পুলিশ চালকসহ ট্রাকটি আটক করে পুলিশ লাইনে নিয়ে এসেছে। ট্রাকচালকের নাম সাইদ। তাঁর বাড়ি রাজশাহীর পবা উপজেলার নবগঙ্গা এলাকায়। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।