ট্রাকের ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
রাজধানীতে এক পিকআপ ভ্যানচালক ট্রাকের ধাক্কায় এবং অজ্ঞাতনামা এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য দুটি লাশ গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে আনা হয়।
রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী প্রথম আলোকে বলেন, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পিকআপ ভ্যান চালিয়ে টাঙ্গাইল যাচ্ছিলেন জসিমউদ্দিন। রূপনগরের বেড়িবাঁধ সড়কে সোনার বাংলা স্টলের সামনে উল্টো দিক থেকে একটি ট্রাক তাঁর পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে জসিম মারা যান। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়। এ ঘটনায় জসিমের পরিবার মামলা করেছে।
এদিকে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনের সামনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক মারা যান। গত শুক্রবার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, রেললাইনের ওপর ক্ষতবিক্ষত অবস্থায় ওই যুবকের লাশ পড়ে ছিল। তাঁর পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।