ট্রাকের ধাক্কায় কিশোর নিহত
রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় গতকাল শুক্রবার সকালে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত ও আরেক কিশোর আহত হয়েছে।
নিহত ফজলে রাব্বী (১৬) স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র। আহত তানজিলকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে।
পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে তানজিলের মোটরসাইকেলে চড়ে কোনাপাড়া থেকে আলআমিন রোডের বাসায় ফিরছিল রাব্বী। পথে কোনাপাড়া রোকেয়া আহসান কলেজের সামনে বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খায় মোটরসাইকেলটি। এতে মোটরসাইকেলের পেছনে বসা রাব্বী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। চালক তানজিলও গুরুতর আহত হয়। পরে লোকজন ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।
ডেমরা থানার এসআই খায়রুল বাসার জানান, ধারণা করা হচ্ছে ট্রাকটিকে পাস কাটানোর (ওভারটেক) সময় মোটরসাইকেলটি ট্রাকের পেছনের চাকায় ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। পরে রাব্বীর পরিবারের আবেদনে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের দিয়েছে পুলিশ। রাব্বীর বাবা মুজিবুর রহমান ঢাকা সিটি করপোরেশনে চাকরি করেন।