ট্রাকের ধাক্কায় খুলে গেল রেলসেতুর গার্ডার

মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথের জুড়ী উপজেলা সদরের ডাকঘর সড়ক এলাকায় গতকাল রোববার ভোরে মালবোঝাই একটি ট্রাকের ধাক্কায় রেলসেতুর গার্ডার খুলে যায়। এতে প্রায় ১০ ঘণ্টা ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। এর আগে গত ২৫ মে কাভার্ড ভ্যানের ধাক্কায় ওই গার্ডারটি স্থানচ্যুত হয়। পরে রেলওয়ের প্রকৌশল বিভাগ সেটি মেরামত করে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা গেছে, এই রেলপথ দিয়ে এক যুগের বেশি সময় ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রংপুর থেকে আসা আলুবোঝাই ট্রাকটি উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারে যাচ্ছিল। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে ডাকঘর সড়ক অতিক্রমকালে রেলসেতুর গার্ডারের সঙ্গে ট্রাকের ওপরের অংশের ধাক্কা লাগে। বিকট শব্দে গার্ডারের একাংশ খুলে ট্রাকের ওপর পড়ে। এতে ট্রাকের পেছনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর ওই সড়ক দিয়ে কুলাউড়া ও বড়লেখাগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাছির উল্লাহ খান, রেলওয়ের কুলাউড়া জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) পীযূষ কান্তি ভট্টাচার্য, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী ও কুলাউড়া রেলওয়ে থানার (জিআরপি) ওসি রবিউল আজম ঘটনাস্থল পরিদর্শন করেন। বেলা সাড়ে তিনটার দিকে এলাকাবাসী ও স্থানীয় পরিবহনশ্রমিকদের সহযোগিতায় গার্ডারটি ট্রাকের ওপর থেকে নামিয়ে সড়কের এক পাশে ফেলে রাখা হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
ইউএনও মোহাম্মদ নাছির উল্লাহ খান বলেন, গার্ডারটি সরানোর জন্য রেলওয়ে এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সঙ্গে যোগাযোগ করে কোনো যন্ত্র পাওয়া যায়নি। পরে দুর্ভোগে পড়া এলাকার লোকজনই গার্ডারটি সরানোর উদ্যোগ নেন।
গত ২৮ মে প্রথম আলোয় ‘রেলসেতুর গার্ডার স্থানচ্যুত, ঝুঁকি নিয়ে যান চলাচল’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।