ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে রাউজান থানার জলিলনগর এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বিশ্বজিৎ লালা (৫০) ও রতন দাশ (৫৩)। তাঁরা রাঙামাটি থেকে চট্টগ্রাম শহরে ফিরছিলেন। দুজন চট্টগ্রাম নগরের আলকরণ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বিশ্বজিতের গ্রামের বাড়ি বোয়ালখালী আর রতনের চন্দনাইশে। দুজনই ব্যবসা করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত উল্লাহ জানান, চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজানের জলিলনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিশ্বজিৎ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। গুরুতর আহত অবস্থায় রতনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে যান।