ট্রাকের ধাক্কায় দুই শিশু নিহত
চট্টগ্রাম নগরের নিমতলা বিশ্বরোড মোড়ে গতকাল বৃহস্পতিবার ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী দুই শিশু নিহত ও তাদের মা গুরুতর আহত হয়েছে।নিহত দুই শিশুর নাম আমির হোসেন (১) ও রিপন (৯)। তাদের মা ফাতেমা খাতুনকে (৩০) গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।হাসপাতালের পুলিশের ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা আমিরকে মৃত ঘোষণা করেন। রিপন চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যায়।বন্দর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বি. জামান জানান, বন্দর থানার নিমতলা বিশ্বরোড মোড়ে বেলা সাড়ে ১১টার দিকে দুই ছেলেসহ ফাতেমা খাতুন ও তাঁর স্বামী আবদুর রহিমকে বহনকারী রিকশাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে দুই ছেলেসহ ফাতেমা মাটিতে পড়ে যান। আমির ঘটনাস্থলেই মারা যায় এবং তার মা ও ভাই গুরুতর আহত হয়। রহিম লাফিয়ে পড়ে রক্ষা পান। দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে গেছে।জানা যায়, রহিমের বাসা আগ্রাবাদের গোসাইলডাঙ্গা। তিনি সপরিবারে গ্রামের বাড়ি লক্ষ্মীপুর যাওয়ার জন্য রিকশায় করে নিমতলা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন।