ট্রাকের ধাক্কায় নছিমন খাদে, নিহত ৬
যশোরের কেশবপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বাস মালিক ও শ্রমিক সমিতির তাড়া খেয়ে ট্রাকের সামনে পড়ায় নছিমনটি দুর্ঘটনাকবলিত হয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাবা-ছেলেসহ ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছে। নিহত ও আহত ব্যক্তিরা সবাই নছিমনের যাত্রী। গতকাল শনিবার ভোরে যশোর-সাতক্ষীরা সড়কের আলতাপোল তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কেশবপুর উপজেলার বাউশলা গ্রামের নওশের আলী (৬০), তাঁর ছেলে জাহাঙ্গীর আলম (৩০), একই উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হাফিজুর রহমান (৩৫), মধ্যকুল গ্রামের আরিফ (৩৫), ঝিকরগাছা উপজেলার দোস্তপুর গ্রামের শামছুর রহমানের স্ত্রী বিউটি (৩৫) এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার জয়খালী গ্রামের ফজলু আখন্দ (৬৫)। পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে কেশবপুর থানায় নিয়ে গেছে। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন বাউশলা গ্রামের নূরজাহান (২৫), তাঁর মেয়ে সুরাইয়া (৩), মনিরামপুর উপজেলা হাসাডাঙ্গা গ্রামের মোস্তফা (২৫) ও কেশবপুরের মিজানুর (২৫)। আহত অপর একজনের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।কেশবপুর থানার সহকারী উপপরিদর্শক আবদুস ছালাম জানান, গতকালই নিহতদের লাশ তাঁদের স্বজনেরা যশোরের পুলিশ সুপারকে জানিয়ে থানা থেকে নিয়ে গেছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাতটার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের আলতাপোল তালতলা এলাকায় কেশবপুর থেকে আসা বালুবাহী একটি ট্রাকের (যশোর ট ১১-১৮৮৩) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী নছিমনের মুখোমখি সংঘর্ষের পর ট্রাকটি নছিমনটিকে ঠেলে নিয়ে সড়কের পাশে সাত-আট ফুট গভীর খাদে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই নছিমনের যাত্রী ফজলু আখন্দ, হাফিজুর রহমান ও জাহাঙ্গীর আলম মারা যান। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর আরিফ, নওশের আলী এবং খুলনা মেডিকেল কলেজে পাঠানোর পথে বিউটি (৩৫) মারা যান।কেশবপুর থানার এসআই আলী আকবর বলেন, ট্রাকটিকে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করলেও চালক পালিয়ে গেছে।