ট্রাকের ধাক্কায় নিহত দুই আহত ১০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনার খবর পেয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। ছবি l প্রথম আলো
দুর্ঘটনার খবর পেয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। ছবি l প্রথম আলো

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় গরুবাহী একটি নছিমন দুমড়ে-মুচড়ে গিয়ে দুজন গরু ব্যবসায়ী নিহত এবং ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় তিনটি গরুও মারা গেছে। দিনাজপুর-দশমাইল মহাসড়কের গোপালগঞ্জ নামক স্থানে গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের সূত্রে জানা যায়, সদর উপজেলার রানীগঞ্জ বাজার থেকে চারটি গরু নিয়ে বেলা সাড়ে ১১টায় ১১ জন গরু ব্যবসায়ী একটি নছিমনে করে দিনাজপুর শহরের রেলবাজার হাটে আসছিলেন। নছিমনটি মহাসড়কের গোপালগঞ্জ বাজারে এসে পৌঁছালে দিনাজপুর থেকে সৈয়দপুরগামী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটিকে ধাক্কা দেন। এতে নছিমনটি দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটিও রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই নছিমনের চালকসহ ১২ গরু ব্যবসায়ী আহত হন। আহত ব্যক্তিদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুই গরু ব্যবসায়ী মারা যান। এ ছাড়া তিনটি গরুও মারা যায়।
নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুর সদর উপজেলার শিবরামপুর গ্রামের ফজলুল হকের ছেলে বাবু মিয়া (৩০) ও মহারাজপুর গ্রামের খাজিমউদ্দীনের ছেলে আবদুস সাত্তার (৬৫)। আহত ব্যক্তিরা হলেন নাজির হোসেন (৫০), ইলিয়াস আলী (৫৫), নুরুল হক (৩৮), দুরুল হক (৪৫), আনোয়ারুল ইসলাম (৪২), নছিমনচালক কামাল হোসেন (৩৩), আবদুর রহমান (৪৫), অতুল রায় (৪৬), আমজাদ হোসেন (৪৫) ও লিটু মিয়া (৪০)। আহত ব্যক্তিদের মধ্যে নাজির ও ইলিয়াসের অবস্থা আশঙ্কাজনক বলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান বলেন, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা দিনাজপুর-দশমাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সাংসদ ইকবালুর রহিমও ঘটনাস্থল পরিদর্শন করেন। উত্তেজিত জনতা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও হেলপার পালিয়েছেন। এ ব্যাপারে মোটরযান আইনে মামলা হয়েছে। অপর দিকে নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।