ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার খাদে, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার দড়িবাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন দুজন।

নিহত ব্যক্তিরা হলেন প্রাইভেটকারের আরোহী রতন দাস (৩২), তাঁর শ্যালিকা কাজল রাণী দাস (১৮) ও চালক সজল (২০)। লাশ তিনটি গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান রাজ বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী প্রাইভেটকারটি গজারিয়ার দড়িবাউশিয়ায় পৌঁছালে পেছন দিক থেকে আসা মালবাহী ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারালে তা পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই রতন ও কাজলের মৃত্যু হয়। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান চালক। এ ঘটনায় আহত চিত্তরঞ্জনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে এবং অপর আহত শীতল দাস প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হতাহত ব্যক্তিদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়।